রূপক

বাস্তবতা

অগ্নিবাজ

আমার অস্তিত্ব জুড়ে এক বিধ্বস্ত নগরী। যে নগরী ছিলো স্বপ্নের চেয়েও সুন্দর, ঢেলে সাজানো ছিলো একের পর এক রাজমহল। ছিলো হাজারো রঙিন প্রজাপতি আর বাহারি ফুল।…

আমার অস্তিত্ব জুড়ে

এক বিধ্বস্ত নগরী।

যে নগরী ছিলো

স্বপ্নের চেয়েও সুন্দর,

ঢেলে সাজানো ছিলো

একের পর এক রাজমহল।

ছিলো হাজারো রঙিন প্রজাপতি

আর বাহারি ফুল।

জামরুলের ডালে

কোকিলের গান,

শরতের মতো নীল আকাশ

আর ভেসে চলা মেঘের ভেলা,

তারই মাঝে

বসন্তের মৃদু হাওয়া।

বর্ষার ভরা যৌবনের মতো

প্রবহমান নদী,

তারই বুক চিরে চলতো

পালতোলা ডোঙ্গি।

ছিলো হেমন্তের গোধূলির আলোয়

চিকচিক করা সোনালী ধান,

আর শীতের কুয়াশায় জমাট বাঁধা

হলুদ সর্ষের মাঠ।

এক কালবৈশাখীর আগমনে

ঘুম ভাঙে আমার;

উঠে দেখি বিধ্বস্ত নগরী—

বাস্তবতা আমার!